বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- আপডেট সময় ১০:৩০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / 23
বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন করে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এসব বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও দেশের তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। এ সময়ে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
অন্যদিকে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে এসব অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে সম্ভাব্য এই লঘুচাপ এবং বিদ্যমান আবহাওয়াগত পরিস্থিতির কারণে দেশের উপকূলীয় তিন বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
























