মাস্কের মন্তব্যে চাপে আম্বানির জিও
- আপডেট সময় ০১:১৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / 28
ভারতের ইন্টারনেট বাজারে ইলন মাস্কের স্টারলিংক ও মুকেশ আম্বানির রিলায়েন্স জিওর মধ্যে প্রতিযোগিতা নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে। ভারতে স্টারলিংকের সেবা সাশ্রয়ী দামে দিতে হবে বলে মন্তব্য করেছেন মাস্ক। তার এ বক্তব্য এমন সময়ে এসেছে, যখন জিওর মূল প্রতিষ্ঠানের দেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও ছাড়ার কথা রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক লেখেন, ভারতে স্টারলিংকের দাম বেশি হলে গ্রাহকেরা তা কিনবেন না। তাই স্পেসএক্সকে সেবাটির দাম সাশ্রয়ী রাখতে হবে। তার মতে, প্রতিযোগিতা সব সময় সাধারণ মানুষের উপকার করে এবং তাদের সামনে পছন্দের সুযোগ বাড়ায়। তিনি আরও বলেন, এতে আম্বানির মুনাফা কমতে পারে, তবে তার ব্যবসা বন্ধ হয়ে যাবে না। তবে ভারতে স্টারলিংকের নির্দিষ্ট কোনো মূল্য ঘোষণা করেননি মাস্ক।
ভারতে বর্তমানে প্রতি গিগাবাইট মোবাইল ডেটার দাম প্রায় ৭ দশমিক ৭৪ রুপি, যা বিশ্বের সর্বনিম্ন দামের মধ্যে অন্যতম। কম দামে ডেটা সরবরাহের কৌশলেই দেশটির বাজারে বড় অবস্থান তৈরি করেছে রিলায়েন্স জিও। কেনিয়ার মতো বাজারে একই ধরনের কৌশল অনুসরণ করে স্থানীয় টেলিকম কোম্পানিগুলোর ওপর চাপ তৈরি করেছেন মাস্কও।
এদিকে, স্পেসএক্স নিজেই মোবাইল অপারেটর হিসেবে বাজারে প্রবেশের উদ্যোগ নিচ্ছে। এ কার্যক্রমের শুরু যুক্তরাষ্ট্র থেকে হওয়ার কথা রয়েছে।
সাম্প্রতিক কয়েকটি পোস্টে মাস্ক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ও মুকেশ আম্বানির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তার দাবি, ভারতের বড় ইন্টারনেট বাজারে স্টারলিংকের প্রবেশ আটকে রাখা হচ্ছে, যাতে বাজারের শীর্ষ প্রতিষ্ঠান জিও সুবিধা পায়।
শুক্রবার গভীর রাতে আম্বানিকে সরাসরি কটাক্ষ করে মাস্ক তাকে ‘প্রধানমন্ত্রী আম্বানি’ বলে সম্বোধন করেন। একই সঙ্গে স্টারলিংককে প্রতিযোগিতার সুযোগ দেওয়ার কথা ভাববেন কি না, তা জানতে চান তিনি।
মোদির সঙ্গে মাস্কের দীর্ঘদিনের প্রকাশ্য উষ্ণ সম্পর্কের প্রেক্ষাপটে তার সাম্প্রতিক মন্তব্যগুলোকে অবস্থানের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। তবে ভারত সরকার পক্ষপাতের অভিযোগ অস্বীকার করেছে। সরকারের বক্তব্য, স্টারলিংকের অনুমোদন প্রক্রিয়ায় কোনো পক্ষপাত করা হচ্ছে না। স্টারলিংক ও জিওসহ তিনটি স্যাটেলাইট প্রকল্প বর্তমানে চূড়ান্ত নিরাপত্তা ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে।

























