তামিলনাড়ুতে ৮৪ লাখ নারীর ফ্রি বাসযাত্রা, আসছে আরও সুবিধা
- আপডেট সময় ০৯:৩৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / 22
তামিলনাড়ুতে নারীদের জন্য বিনামূল্যে বাসে যাতায়াতের সুবিধা আরও সম্প্রসারিত করা হয়েছে। শুক্রবার গান্ধীজয়ন্তী উপলক্ষে ‘ভেট্রি পায়ানাম’ (বিজয়ী যাত্রা) কর্মসূচির সম্প্রসারিত কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, এর মাধ্যমে প্রতিদিন ৮৪ লাখের বেশি নারী বিনামূল্যে বাসে যাতায়াতের সুযোগ পাবেন।
নতুন ব্যবস্থায় সাধারণ বাসের পাশাপাশি সরকারি এক্সপ্রেস ও ডিলাক্স বাসেও নারীরা কোনো ভাড়া ছাড়াই চলাচল করতে পারবেন। এ সুবিধা পেতে আয়ের কোনো শর্ত রাখা হয়নি। একই সঙ্গে একজন নারী দিনে যতবার প্রয়োজন, ততবার বিনামূল্যে বাসে যাতায়াত করতে পারবেন।
এর আগে গত ২৪ আগস্ট রাজ্য বিধানসভায় নারীদের জন্য একাধিক কল্যাণমূলক কর্মসূচি ঘোষণার কথা জানানো হয়। এসব উদ্যোগের মধ্যে বছরে তিনটি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার প্রস্তাবও রয়েছে। ‘অন্নপূর্ণি সুপার সিক্স’ নামে এই প্রকল্প বাস্তবায়নে বছরে প্রায় ৪ হাজার কোটি রুপি ব্যয় হতে পারে। আগামী বছরের জানুয়ারিতে পোঙ্গল উৎসবের সময় প্রকল্পটি চালুর পরিকল্পনা রয়েছে। এতে আনুমানিক ১ কোটি ৩০ লাখ পরিবার সুবিধা পাবে বলে ধারণা করা হচ্ছে।
প্রস্তাবিত প্রকল্পে পরিবারের নারী প্রধানের ব্যাংক হিসাবে এলপিজি সিলিন্ডারের মূল্য পরিশোধ করা হবে। সিলিন্ডার বুকিং ও সরবরাহ সম্পন্ন হওয়ার পর তেল বিপণনকারী প্রতিষ্ঠানের বিল যাচাই করে ওই অর্থ দেওয়া হবে। বার্ষিক আয় আড়াই লাখ রুপির নিচে থাকা পরিবারগুলো এ সুবিধা পাবেন। পাশাপাশি আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং প্রতিবন্ধী সদস্য থাকা পরিবারগুলোকেও প্রকল্পের আওতায় রাখার কথা বলা হয়েছে।
এদিকে চেন্নাইয়ে দ্বিতীয় বিমানবন্দর নির্মাণের প্রস্তাবিত পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তও জানানো হয়েছে। পাড়ান্দুর এলাকায় বিমানবন্দর নির্মাণ করা হলে বিপুল পরিমাণ কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের জীবিকা ব্যাহত হওয়ার আশঙ্কা ছিল বলে জানানো হয়।























