শিয়াল কিছু টানাটানি করছিল, কাছে গিয়ে কৃষক দেখলেন যুবকের মরদেহ
- আপডেট সময় ০৩:৫১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / 45
কুষ্টিয়ার দৌলতপুরে খড়ের নিচে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬টার দিকে পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল মাঠের একটি নির্জন সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে কয়েকটি শিয়াল মরদেহটি টানাটানি করছিল বলে স্থানীয় এক কৃষক দেখতে পান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কৃষক সানাউল্লাহ সকালে মাঠে কাজ করতে যাচ্ছিলেন। নির্জন সড়ক দিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পান, কয়েকটি শিয়াল একটি বস্তু ঘিরে টানাটানি করছে। কাছে এগিয়ে যেতেই শিয়ালগুলো সরে যায়। পরে তিনি দেখতে পান, খড় দিয়ে ঢেকে রাখা অবস্থায় সেখানে এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। মরদেহের শরীরের একাংশ শিয়ালে খুবলে খেয়েছে।
বিষয়টি দেখে সানাউল্লাহ চিৎকার দিলে আশপাশের মাঠে থাকা অন্য কৃষকেরা এগিয়ে আসেন। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হন।
খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মরদেহটি আনুমানিক দুই থেকে তিন দিনের পুরোনো। মরদেহের মুখমণ্ডলসহ শরীরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ জানতে ঝিনাইদহ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন টিমকে ঘটনাস্থলে তলব করা হয়েছে। একই সঙ্গে মরদেহটি পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, মরদেহটি আনুমানিক দুই থেকে তিন দিনের পুরোনো। মুখমণ্ডলসহ শরীরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ জন্য ঝিনাইদহ থেকে সিআইডির ক্রাইমসিন টিম আসছে।
ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে তারা জানতে পেরেছেন, শিয়ালের টানাটানিতে মরদেহটি খড়ের বাইরে বেরিয়ে আসে। পরে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।











