ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৮ মার্কিন সেনা
- আপডেট সময় ১১:৪৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / 30
হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আট মার্কিন মেরিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।
রোববার (২৭ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে তিন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ১৪ সেপ্টেম্বর একটি জাহাজে দায়িত্ব পালন করার সময় ইরানের জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই আট সেনা আহত হন।
আহতদের মধ্যে সাতজন সাধারণ পদমর্যাদার মেরিন সেনা এবং একজন কর্মকর্তা ছিলেন। হামলার পর তৈরি হওয়া ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করায় তাদের মাথাব্যথাসহ মস্তিষ্কে আঘাতের বিভিন্ন উপসর্গ দেখা দেয়। তাদের সম্ভাব্য ‘ট্রমাটিক ব্রেইন ইনজুরি’ বা মস্তিষ্কে আঘাতের সমস্যা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
কর্মকর্তারা জানান, হামলার সময় ওই সেনারা ‘ব্যাটালিয়ন ল্যান্ডিং টিম’-এর অংশ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। যে জাহাজে হামলা হয়েছিল, সেটি মার্কিন নৌবাহিনীর কোনো যুদ্ধজাহাজ ছিল না। তবে জাহাজটির ধরন সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
পেন্টাগনের তথ্য অনুযায়ী, সংঘাত শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৮৬১ জন মার্কিন সেনা আহত হয়েছেন। ১৪ সেপ্টেম্বরের হামলায় আহত আট সেনার নাম ঘটনার প্রায় ১০ দিন পর সরকারি ডেটাবেসে যুক্ত করা হয়।
এক মার্কিন কর্মকর্তা জানান, কিছু শারীরিক উপসর্গ হামলার পর দেরিতে দেখা দিতে পারে। পাশাপাশি তথ্য তাৎক্ষণিকভাবে হালনাগাদ করার সুযোগ না থাকায় আহত সেনাদের নাম তালিকায় যুক্ত করতে দেরি হয়েছে।
সূত্র: আনাদোলু

























