ইরানের বিরুদ্ধে জয়ের পর তেলের দাম কমবে: ট্রাম্প
- আপডেট সময় ০১:০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / 24
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয়ের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত ও বড় ধরনের পতনের মুখে পড়বে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এর প্রভাব যুক্তরাষ্ট্রের পাম্পেও পড়বে এবং প্রতি গ্যালন জ্বালানির দাম ৩ ডলারে নেমে আসতে পারে, পরে তা ২ ডলারের নিচেও চলে যেতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা বলেন। তার ভাষ্য, তেলের দামে এই পতন খুব দ্রুতই দেখা যাবে।
ইরানের সঙ্গে সামরিক সংঘাতের প্রেক্ষাপটে দেওয়া ওই বক্তব্যে ট্রাম্প আবারও বলেন, ইরান ‘কখনোই পারমাণবিক অস্ত্র’ অর্জন করতে পারবে না।
এদিকে হরমুজ প্রণালীতে পাল্টাপাল্টি হামলার ঘটনায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম প্রায় ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।
সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বৈশ্বিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৯৭ ডলারে পৌঁছায়। গত পাঁচ দিনে ব্রেন্টের দাম বেড়েছে প্রায় ৯ শতাংশ। এক মাসের হিসাবে এই বৃদ্ধি প্রায় ১৯ শতাংশ।
সোমবারের দর গত ২৪ জুলাইয়ের সর্বোচ্চ দামের কাছাকাছি পৌঁছায়। ওই দিন ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৯৩ ডলারের ওপরে উঠেছিল।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালীতে সামরিক উত্তেজনা অব্যাহত থাকায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও।
























