ধর্ষণসহ একাধিক মামলার আসামিকে গুলি করে হত্যা
- আপডেট সময় ০৬:৫৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / 31
পাবনার আটঘরিয়া উপজেলায় আদম আলী মোল্লা (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের চন্দিপাশা গ্রামে এ ঘটনা ঘটে। আদম আলী ওই ইউনিয়নের ষাটগাছা স্কুলপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একদন্ত বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আদম আলী। চন্দিপাশা এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রাণ বাঁচাতে তিনি পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা ধাওয়া করে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, আদম আলীর বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার দুটি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি বিস্ফোরক আইনের মামলাও রয়েছে।
তিনি বলেন, মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ।

























