রূপগঞ্জে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ চারজন গ্রেপ্তার
- আপডেট সময় ১১:৩০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / 26
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার তারাবো বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাজমুল হোসেন (৩০), নিহাল মিয়া (২১), সাজ্জাদ হোসেন (২০) ও শফিকুল ইসলাম (২৪)।
শুক্রবার রাত পৌনে ৯টায় রূপগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান।
পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, তারাবো বাজার এলাকায় মাদক কারবারের আধিপত্যকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ গ্রুপের সঙ্গে নবী গ্রুপের বিরোধ চলে আসছে। কয়েকদিন পরপর দুই পক্ষ অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেওয়ার পাশাপাশি ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ছে বলে জানান তিনি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এসব ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হচ্ছে।
বৃহস্পতিবার গভীর রাতে দুই গ্রুপ অস্ত্রের মহড়া দেওয়ার পাশাপাশি সংঘর্ষে জড়ায়। এর পরদিন শুক্রবার সন্ধ্যায় তারাবো বাজার এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ।
অভিযানে নবী গ্রুপের ওই চারজনকে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ আটক করা হয় বলে জানান পুলিশ সুপার।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।






















