জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ
- আপডেট সময় ০২:৪৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / 26
জেনারেশন জি-র বিক্ষোভের পর এবার শিক্ষা ব্যবস্থার সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নের দাবিতে ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভে নেমেছে জেন-আলফা বা স্কুল শিক্ষার্থীরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশের সমূহি ভাটপুরওয়া প্রাথমিক বিদ্যালয়সহ অন্তত ১০টি রাজ্যের গ্রামীণ এলাকার শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে ক্লাস বর্জন ও বিক্ষোভ করেছে।
জরাজীর্ণ স্কুল ভবন, শিক্ষক সংকট, বিদ্যুৎ ও সুপেয় পানির অভাব এবং নিম্নমানের মধ্যাহ্নভোজন নিয়ে প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা।
সম্প্রতি প্রশ্নপত্র ফাঁস ও বেকারত্বের মতো বিষয় নিয়ে জেন-জি নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন হয়। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ধারাবাহিকতার পর এই নতুন আন্দোলন শুরু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সিজেপি গত ১৫ আগস্ট থেকে ‘স্কুল ঠিক করো’ কর্মসূচির মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আসছে।
শিক্ষাবিদ ও অধিকারকর্মীদের মতে, বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন (আরটিই) ২০০৯ কার্যকর থাকার পরও ভারতের বহু সরকারি স্কুলে মৌলিক সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই গণবিক্ষোভ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। কারণ আন্দোলনে যুক্ত তরুণ ও স্কুল শিক্ষার্থীদের একটি অংশ ২০২৯ সালের সাধারণ নির্বাচনে নতুন ভোটার হিসেবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।





















