সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে
- আপডেট সময় ০৪:৫৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / 16
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ।
বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
দুই দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত সক্ষমতা ও দক্ষতা বাড়াতে উচ্চতর প্রশিক্ষণ ও কোর্স বিনিময় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) ও ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) সঙ্গে সৌদি আরবের শীর্ষ সামরিক একাডেমিগুলোর সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি মানবিক সংকট মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দুই দেশের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা বিনিময়ের বিষয়টি উঠে আসে।
দুই দেশের সশস্ত্র বাহিনীর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নিয়মিত সফর বিনিময়ের মাধ্যমে বিদ্যমান কৌশলগত ও সামরিক অংশীদারিত্ব আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করা হয়।
সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও সামগ্রিক সক্ষমতার প্রশংসা করেন। প্রতিরক্ষা উপদেষ্টা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিবাচক অগ্রগতির জন্য সৌদি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক সম্পর্ক আরও নিবিড় ও সুদৃঢ় হবে।




















