তিব্বতে ফের ভূমিকম্প, বাড়ছে বন্যার শঙ্কা
- আপডেট সময় ০৯:৪০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / 28
একের পর এক প্রাকৃতিক দুর্যোগে তিব্বতে উদ্বেগ বাড়ছে। ভয়াবহ হিমবাহধস ও আকস্মিক বন্যার পর বৃহস্পতিবার (২৭ আগস্ট) মধ্যরাতে উত্তর তিব্বতে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। একই সঙ্গে একটি প্রাকৃতিকভাবে পানি আটকে তৈরি হওয়া হ্রদের বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে চীন।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, উত্তর তিব্বতে ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।
জিএফজেডের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র বুধবার আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত নেপাল ও চীনের অঞ্চলগুলোর কয়েক শত মাইল উত্তরে অবস্থিত। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এদিকে ভূমিকম্পের পাশাপাশি তিব্বতের বন্যা পরিস্থিতি নিয়েও সতর্ক রয়েছে চীনা কর্তৃপক্ষ। একটি ‘ব্যারিয়ার লেক’ বা প্রাকৃতিকভাবে পানি আটকে সৃষ্টি হওয়া হ্রদের বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে চীন বন্যা মোকাবিলায় চতুর্থ স্তরের ‘ফ্লাড রেসপন্স’ ব্যবস্থা চালু করেছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হ্রদটির পানির উচ্চতা এবং আশপাশের এলাকায় বৃষ্টিপাতের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে চীনের পানি সম্পদ মন্ত্রণালয়।
পরিস্থিতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে গিরং কাউন্টিতে একটি বিশেষজ্ঞ দলও পাঠানো হয়েছে। ফলে ভূমিকম্পের পাশাপাশি সম্ভাব্য হ্রদের বাঁধ ভেঙে বন্যার আশঙ্কা তিব্বতের পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
এর আগে বুধবার তিব্বতের নাগকু এলাকায় ৪ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্পের কথা জানিয়েছিল চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াও ওই ভূমিকম্পের তথ্য নিশ্চিত করে।























