পুলিশে ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেবে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য
- আপডেট সময় ০৭:১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / 14
পুলিশের জনবল বাড়াতে নতুন করে ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের জনবল বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার এসআই (নিরস্ত্র) পদ সৃজনের পাশাপাশি ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের উদ্যোগ নিয়েছে সরকার। এসব পদ সৃজিত হলে রংপুর জেলাতেও পুলিশের জনবল বাড়বে।
তিনি আরও জানান, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে ডেভেলপড অ্যান্ড অর্গানোগ্রাম ইক্যুইপমেন্টভুক্ত পুলিশের যানবাহন ও জলযানের ঘাটতি রাজস্ব বাজেটের আওতায় ক্রয়ের মাধ্যমে পূরণ করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১০ মার্চ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সিনিয়র সচিবের সভাপতিত্বে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোর আওতাধীন বিভিন্ন ইউনিটে গ্রেড-১০-এর (নিরস্ত্র) ৪ হাজার এসআই নিয়োগের বিষয়ে পুলিশ বিভাগের পাঠানো প্রস্তাব পর্যালোচনার কথা জানানো হয়।
দায়িত্ব গ্রহণের পর স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের বিভিন্ন পর্যায়ে জনবল সংকটের বিষয়টি তুলে ধরে নতুন নিয়োগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
এর আগে ২৬ ফেব্রুয়ারি সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বাড়াতে খুব শিগগির ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।
তখন তিনি বলেছিলেন, পুলিশের জনবল বৃদ্ধির জন্য মন্ত্রণালয় কাজ করছে। ১০ হাজার কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
























