মাইন সরানোর দাবি ট্রাম্পের, তবুও খুলছে না হরমুজ
- আপডেট সময় ১০:২৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / 23
হরমুজ প্রণালী এখনো পুরোপুরি বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। ওমানের সঙ্গে জাহাজ চলাচল নিয়ে সাময়িক একটি চুক্তি হলেও গুরুত্বপূর্ণ এই নৌপথ পুরোপুরি খুলে দেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি।
বুধবার, ২৬ আগস্ট দেওয়া বক্তব্যে গারিবাবাদি বলেন, হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে দিতে হলে যুক্তরাষ্ট্রকে সমঝোতা স্মারকে (এমওইউ) দেওয়া প্রতিশ্রুতিতে ফিরে আসতে হবে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালীর আন্তর্জাতিক জলসীমায় থাকা সব মাইন সরিয়ে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। নতুন করে কোনো জাহাজ সেখানে মাইন পাতার চেষ্টা করলে সেটিকে ‘ধ্বংস’ করা হবে বলেও তেহরানকে সতর্ক করেছে ওয়াশিংটন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, হরমুজ প্রণালী ঘিরে ইরানের দীর্ঘদিনের হুমকি বন্ধ করতে যুক্তরাষ্ট্র ‘সুনির্দিষ্ট পদক্ষেপ’ নিচ্ছে।
এ ছাড়া তেহরানের অবশিষ্ট আর্থিক উৎসগুলো বন্ধ করার পাশাপাশি সাম্প্রতিক নিষেধাজ্ঞার পর দ্রুত আরও পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
তবে যুক্তরাষ্ট্রের মাইন অপসারণের দাবি এবং নতুন করে হুমকির মধ্যেও ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার ঘোষণা আসেনি।
























