নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী
- আপডেট সময় ০৪:২০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / 23
নিষিদ্ধ সংগঠন ছাড়া সবার সভা-সমাবেশ করা এবং সরকারের সমালোচনা করার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। জনগণ যাতে নির্ভয়ে নিজেদের কথা বলতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নির্বাচন-পরবর্তী বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, গত ছয় মাসে দেশে একটি গুমের ঘটনা ঘটেছে। এ ছাড়া আরও তিনটি ঘটনার তদন্ত চলছে। গুমের বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলেও জানান তিনি।
দেশে মিথ্যা মামলা হচ্ছে কি না—এমন প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, দেশে কোনো মিথ্যা মামলা হচ্ছে না, এমন কথা বলা যাবে না। তবে বিষয়টি নিয়ে সরকার সতর্ক রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মানবাধিকার ও গুম প্রতিরোধ আইন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আইনটিতে কিছু জটিলতা রয়েছে। সেগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সংশোধনের পর আইনটি সংসদে উত্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবিধান সংস্কারের বিষয়ে তিনি বলেন, ১৯৭২ সালের সংবিধান যতদিন থাকবে, ততদিন প্রয়োজন অনুযায়ী এতে সংস্কার করতে হবে। তবে সংশ্লিষ্ট কমিটির প্রস্তাব ও নাম এখনো পাওয়া যায়নি বলে জানান তিনি।
দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে আইনমন্ত্রী বলেন, তারা সামনে এগিয়ে যেতে চান, পেছনে যেতে চান না। ভুল হতে পারে, তবে সরকার চেষ্টা করে যাচ্ছে। জুলাই সনদের পথ ধরেই এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।




















