ভারতের ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক সোনম ওয়াংচুকের
- আপডেট সময় ০৬:৫২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / 23
প্রখ্যাত বিজ্ঞানী ও সমাজকর্মী সোনম ওয়াংচুক ভারতের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আহ্বান জানিয়ে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন’ শুরুর ডাক দিয়েছেন। ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত ও সম্মানজনক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সৎ, সাহসী ও নিঃস্বার্থ মানুষদের নেতৃত্বে আনার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
সোনম ওয়াংচুকের মতে, ভারতের অনেক সাংসদের বিরুদ্ধে হত্যা, অপহরণসহ গুরুতর অপরাধের মামলা রয়েছে। এ ধরনের পরিস্থিতি রাজনৈতিক নেতৃত্বের প্রতি সাধারণ মানুষের আস্থা কমিয়ে দিচ্ছে বলেও তিনি মনে করেন। তাই দেশের ভবিষ্যৎ পরিবর্তনে রাজনীতিতে যোগ্য ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি বলে মন্তব্য করেছেন তিনি।
কীভাবে এই পরিবর্তন আনা যায়, তা নিয়ে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছেন ওয়াংচুক। তার মতে, শুধু বুদ্ধিজীবী বা বিশিষ্ট ব্যক্তিদের নয়, সাধারণ নাগরিক ও সৎ মানুষদেরও এ উদ্যোগে যুক্ত হতে হবে। নিজ নিজ এলাকা থেকে যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের খুঁজে বের করে তাদের নাম প্রস্তাব করার জন্যও নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ভারতের রাজনৈতিক ব্যবস্থায় এই পরিবর্তনকে তিনি ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন’ হিসেবে অভিহিত করেছেন। তার লক্ষ্য, ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত ও মর্যাদাপূর্ণ দেশ হিসেবে গড়ে তোলার পথে রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তন আনা।
এদিকে রাজনীতিতে পরিবর্তনের আহ্বানের পাশাপাশি শিক্ষার্থীদের পরীক্ষাব্যবস্থায় দুর্নীতির অভিযোগের প্রতিবাদেও সম্প্রতি সমর্থন জানিয়েছেন ওয়াংচুক। ঝাড়খণ্ডে আন্দোলনরত এক ছাত্রনেতার আমরণ অনশন কর্মসূচিতেও তিনি সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস



















