গ্রিসের ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, বড় অংশ বাংলাদেশি
- আপডেট সময় ১০:৩০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / 11
গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলীয় এলাকা থেকে ৪৮ ঘণ্টায় ২০০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। উদ্ধার হওয়া ২০২ জনের বড় একটি অংশ বাংলাদেশ ও সুদানের নাগরিক। লিবিয়া উপকূল থেকে কয়েকটি নৌকায় করে তারা ক্রিটে পৌঁছান।
গ্রিক সংবাদমাধ্যম ডিমোক্রেটিয়ার বরাতে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, বিপুলসংখ্যক অভিবাসীর আগমনে ক্রিট দ্বীপের অস্থায়ী অভ্যর্থনা কেন্দ্রগুলোতে চাপ তৈরি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আইয়েরাপেত্রা উপকূলের কাছে একটি নৌকার অবস্থান শনাক্ত করে। নৌকাটিতে ৪০ জন অভিবাসী ছিলেন।
পরে খবর পেয়ে গ্রিক কোস্ট গার্ডের সদস্যরা স্থানীয় একটি মাছ ধরার ট্রলারের সহায়তায় অভিযান চালিয়ে ওই ৪০ জনকে উদ্ধার করেন। তাদের আইয়েরাপেত্রা বন্দরে নেওয়া হয়। সেখানে বর্তমানে তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে।
এর কয়েক ঘণ্টা আগে পৃথক দুটি নৌকা থেকে আরও ১১২ জন অভিবাসীকে উদ্ধার করে গ্রিক কর্তৃপক্ষ। প্রথম নৌকার ৫৬ জনের মধ্যে ৩১ জন সুদানের এবং ২৫ জন বাংলাদেশের নাগরিক ছিলেন।
অন্য নৌকাটিতে থাকা ৫৬ জনের মধ্যে ৪৭ জন বাংলাদেশি এবং ৯ জন মিসরের নাগরিক বলে জানানো হয়েছে।
উদ্ধার হওয়া অভিবাসীদের হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী আবাসনকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। ক্রিট দ্বীপে অভিবাসীদের আগমন অব্যাহত থাকায় কেন্দ্রটিকে তাদের সাময়িক আশ্রয়ের জন্য ব্যবহার করা হচ্ছে।






















