অস্ট্রেলিয়া সিরিজে ফিরলেন লিটন
- আপডেট সময় ০৫:৩৭:১০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / 21
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগে বাংলাদেশ দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। চোট থেকে সেরে ওঠায় শেষ মুহূর্তে তাকে প্রথম টেস্টের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি। বোর্ড জানায়, পুনর্বাসন প্রক্রিয়ায় সন্তোষজনক অগ্রগতির কারণে লিটনকে প্রথম টেস্টের জন্য বিবেচনা করা হয়েছে। তিনি রোববার অস্ট্রেলিয়ার ডারউইনের উদ্দেশে রওনা হয়ে সেখানে দলের সঙ্গে যোগ দেবেন।
বাম পায়ের কাফে চোট পাওয়ায় প্রথম ঘোষিত দলে জায়গা হয়নি ৩১ বছর বয়সী এই ক্রিকেটারের। গত জুন মাস থেকে তিনি মাঠের বাইরে ছিলেন। তবে ফিটনেস পরীক্ষায় ইতিবাচক অগ্রগতির পর তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় বিসিবি।
অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ দল ৬ থেকে ৮ আগস্ট তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ১৩ আগস্ট ডারউইনের মাররারা ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট।
প্রথম টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াডে রয়েছেন—নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, মুশফিক হাসান ও মোস্তাফিজুর রহমান।






















