জামায়াত নিষিদ্ধের ৩ দিনের মাথায় হাসিনার পতন: শফিকুর
- আপডেট সময় ০৪:৪৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / 21
জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার তিন দিনের মাথায় গণআন্দোলনের মুখে তৎকালীন সরকার ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল বলে মন্তব্য করেছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ২০২৪ সালের ১ আগস্ট জামায়াতকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত কার্যকর করা হলেও ৫ আগস্ট তৎকালীন সরকারকে দেশ ছাড়তে হয়।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের ৩১ জুলাই তৎকালীন সরকার জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। পরদিন ১ আগস্ট থেকে ওই সিদ্ধান্ত কার্যকর করা হয়। তার ভাষায়, এ সিদ্ধান্ত ছিল অন্যায়। জামায়াত তাৎক্ষণিক সংবাদ সম্মেলনের মাধ্যমে সিদ্ধান্তটি প্রত্যাখ্যান করে।
তিনি বলেন, নিষিদ্ধ করার সিদ্ধান্তের পর জামায়াতের নেতাকর্মী ও দেশবাসীকে আন্দোলনরত জনগণের সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান জানানো হয়েছিল। তার দাবি, জনগণ ওই আহ্বানে ব্যাপক সাড়া দেয়। এর ধারাবাহিকতায় মাত্র তিন দিনের মধ্যে তৎকালীন সরকার ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ হয়।
জামায়াতের আমির বলেন, ১ আগস্ট জামায়াতকে নিষিদ্ধ করার পর ৫ আগস্ট দুপুরে তৎকালীন সরকার দেশ ছেড়ে যেতে বাধ্য হয়। তিনি বলেন, তারা এমন অবস্থায় দেশ ছাড়ে যে রান্না করা ভাতও ফেলে যেতে হয়েছিল।
ডা. শফিকুর রহমানের দাবি, তৎকালীন সরকার মনে করেছিল দমন-পীড়ন, নির্যাতন ও বলপ্রয়োগের মাধ্যমে আন্দোলন দমন করা সম্ভব হবে। কিন্তু জনগণের প্রতিরোধের মুখে সেই পরিকল্পনা সফল হয়নি।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে জনগণের ওপর নির্যাতন ও নিপীড়ন চালিয়ে কোনো সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে না। অন্যায় ও অবিচারের পরিণতি একসময় ভোগ করতেই হয়।
সম্মেলনে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতারা, বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধিরা, শ্রমিক নেতারা এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।














