শেখ হাসিনার সঙ্গে সাহাবুদ্দিনের ফোনালাপের তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় ০৬:১৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / 12
সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন—এমন কোনো তথ্য সরকারের কাছে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ বিষয়ে প্রকাশিত সংবাদ তিনি পত্রিকায় দেখেছেন, তবে সরকারের কাছে এমন কোনো তথ্যপ্রমাণ নেই।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মো. সাহাবুদ্দিন শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন বলে প্রকাশিত সংবাদের বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি তিনি সংবাদমাধ্যমে দেখেছেন। কোন তথ্য-প্রমাণের ভিত্তিতে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের কাছেই জানতে হবে। সরকারের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই বলেও তিনি জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে কারও সঙ্গে কথা বলতে বিদেশে যাওয়ার প্রয়োজন হয় না। এখান থেকেও যোগাযোগ করা সম্ভব।
সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি নিয়ে বিরোধী দলের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কেন তারা এ দাবি জানাচ্ছে, সেটি তাদের কাছেই জানতে হবে। একই সঙ্গে তিনি বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে মানুষের মত প্রকাশ ও প্রতিবাদের স্বাধীনতা থাকা উচিত।
রাষ্ট্রপতির দায়িত্ব পালনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, স্বৈরাচারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের সময়েও মো. সাহাবুদ্দিন সংবিধান ও প্রচলিত বিধি অনুযায়ী দায়িত্ব পালন করেছেন। সরকার তার সহযোগিতা পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে দায়মুক্তি (ইমিউনিটি) ভোগ করেন। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা বা অন্য কোনো বিষয়ে আদালতে মামলা করা যায় না। এ ছাড়া কেউ ব্যক্তিগতভাবে বক্তব্য দিলে তা তাদের মত প্রকাশের স্বাধীনতার মধ্যে পড়ে বলে মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে থাকা অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময়ের কোনো অভিযোগ থাকলে তা আইন অনুযায়ী নিষ্পত্তি হবে।
সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী প্রাপ্য সব সুযোগ-সুবিধা পাবেন বলেও জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ছয় মাস পর্যন্ত স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), পুলিশসহ প্রয়োজনীয় নিরাপত্তা সুবিধা এবং অন্যান্য আইনসম্মত সুযোগ-সুবিধা তাকে দেওয়া হবে।






















