বাংলাদেশিদের জন্য সৌদি ভিসায় সুখবর
- আপডেট সময় ০৯:১৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / 32
সৌদি আরব বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা-সুবিধা চালু করেছে। নতুন সমন্বিত ভ্রমণ প্যাকেজের আওতায় নির্বাচিত দেশের নাগরিকরা একসঙ্গে ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা, বিমানের টিকিট ও হোটেল বুকিংয়ের সুবিধা পাবেন। এর ফলে সৌদি আরবে ভ্রমণ প্রক্রিয়া আরও সহজ হবে।
শুক্রবার, ১০ জুলাই প্রকাশিত গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া ও মেক্সিকোর নাগরিকদের জন্য এই কর্মসূচি চালু করা হয়েছে। সৌদি পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে আরও বিভিন্ন দেশের নাগরিকদের এ সুবিধার আওতায় আনা হবে।
নতুন ব্যবস্থার আওতায় ভ্রমণকারীরা একটি বুকিংয়ের মাধ্যমেই পুরো সফরের প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করতে পারবেন। এর মধ্যে থাকবে রিটার্ন বিমান টিকিট, অনুমোদিত পর্যটন হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা। ফলে আলাদাভাবে ভিসার আবেদন বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে প্যাকেজ বুকিং সম্পন্ন করার ৪৮ ঘণ্টার মধ্যে ইলেকট্রনিকভাবে ভিসা ইস্যু করা হবে। ভ্রমণকারীরা ই-মেইলের মাধ্যমে ভিসা, ভ্রমণ বীমা এবং প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত কাগজপত্র পেয়ে যাবেন। বর্তমানে ‘রিজারভাল’ ও ‘আলমোসাফের’ নামে দুটি ট্রাভেল এজেন্সিকে এ সেবা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
এই ট্যুরিস্ট ভিসার মেয়াদ হবে তিন মাস। ভিসাটি দিয়ে একবার সৌদি আরবে প্রবেশ করা যাবে এবং সর্বনিম্ন দুই দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত অবস্থান করা যাবে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের সর্বনিম্ন প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার সৌদি রিয়াল। এরপর প্রতিটি অতিরিক্ত দিনের জন্য আরও ১ হাজার সৌদি রিয়াল যোগ হবে। ভিসা ইস্যু ও ভ্রমণ বীমাসহ মোট ভিসা ফি নির্ধারণ করা হয়েছে ৪০২ দশমিক ২১ সৌদি রিয়াল। এছাড়া ভ্রমণকারীরা চাইলে বুকিংয়ের সঙ্গে বিভিন্ন ইভেন্টের টিকিট ও বিনোদনমূলক সেবাও যুক্ত করতে পারবেন।
প্রতিবেদন অনুযায়ী, এই প্যাকেজে মক্কা ও মদিনায় উমরাহ-সংক্রান্ত কোনো সেবা অন্তর্ভুক্ত থাকবে না। তবে ট্যুরিস্ট ভিসাধারীরা সৌদি আরবে প্রবেশের পর মক্কা, মদিনাসহ দেশের অন্যান্য এলাকায় ভ্রমণ করতে পারবেন। এছাড়া অনাকাঙ্ক্ষিত কারণে ফ্লাইট বা আবাসন বাতিল হলে অর্থ ফেরত বা বুকিং পরিবর্তনের বিষয়টি সংশ্লিষ্ট অনুমোদিত ভ্রমণসেবা প্রদানকারীর নীতিমালা অনুযায়ী নিষ্পত্তি করা হবে।
























