আরও এক সপ্তাহ যুদ্ধবিরতি: ট্রাম্পের দাবি
- আপডেট সময় ০২:২৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / 17
ইরান-ইসরায়েল সংঘাত আরও অন্তত এক সপ্তাহের জন্য স্থগিত রাখার বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ট্রাম্প বলেন, নেতানিয়াহুর সঙ্গে তার আলোচনা অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ ছিল। বৈঠকে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং ইরান-ইসরায়েল উত্তেজনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেদাবিসিডেন্ট বলেন, ইসরায়েল প্রথমে হামলার শিকার হয়েছিল এবং পরবর্তীতে তারা পাল্টা জবাব দিয়েছে। এ কারণে ইসরায়েলের প্রতিক্রিয়াকে তিনি দোষারোপ করতে চান না বলেও মন্তব্য করেন।
তিনি আরও জানান, উভয় পক্ষ বর্তমানে সংঘাতের সমাপ্তির দিকে এগোচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, ইরান ও ইসরায়েল আগামী অন্তত এক সপ্তাহ বা তার কাছাকাছি সময় পরস্পরের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকবে।
একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনার অগ্রগতি নিয়েও আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, ওয়াশিংটন এমন একটি গুরুত্বপূর্ণ চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যার মাধ্যমে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ থেকে বিরত রাখা সম্ভব হবে।
সম্ভাব্য ওই চুক্তির অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, চুক্তি স্বাক্ষরিত হলে অবরুদ্ধ হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়া হবে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই চুক্তিটি চূড়ান্ত হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
ট্রাম্পের মতে, চুক্তি কার্যকর হওয়ার পরপরই গুরুত্বপূর্ণ এই নৌপথে স্বাভাবিক আন্তর্জাতিক বাণিজ্যিক ও জাহাজ চলাচল পুনরায় শুরু হওয়ার পথ উন্মুক্ত হবে।

























