মাদকের আড্ডার প্রতিবাদ করায় প্রাণ হারালেন বৃদ্ধ পিতার
- আপডেট সময় ০৮:৫৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / 123
ফরিদপুরের সালথায় মাদক সেবন ও লিচু চুরিতে বাধা দেওয়ায় মো. আজিজুল মোল্যা (৬২) নামে এক বৃদ্ধ কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে শতাধিক মানুষের সামনে এই নির্মম হত্যাকাণ্ড ঘটে। নিহত আজিজুল ওই এলাকার মৃত মানো মোল্যার ছেলে।
স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, আজিজুলের লিচু বাগানের পাহারার জন্য তৈরি টংঘরে নিয়মিত মাদকের আড্ডা বসাতেন পার্শ্ববর্তী চরবাংরাইল গ্রামের সাকিল মুন্সি ও তার সহযোগীরা। মাদক সেবনের পাশাপাশি তারা বাগানের লিচুও চুরি করতেন। এর প্রতিবাদ করেন আজিজুলের ছেলে আকরাম, যার জেরে সাকিল ও তার ভাই তুষার আকরামকে মারধর করেন। পরে সন্ধ্যায় আজিজুল বাজারে গিয়ে মারধরের কারণ জানতে চাইলে সাকিল ও তুষার বাঁশের লাঠি দিয়ে তাকে বেধড়ক পেটান। গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত দফায় দফায় পাল্টাপাল্টি হামলায় অন্তত ১৫টি বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় দুর্বৃত্তরা ১৩টি গরু লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লুট হওয়া ১৩টি গরুর মধ্যে ১১টি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

























