কুমিল্লায় ট্রাক উল্টে প্রাণ গেল ৭ শ্রমিকের
- আপডেট সময় ০৯:৪৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / 28
কুমিল্লায় ট্রাক উল্টে চালের বস্তার নিচে চাপা পড়ে প্রাণ গেল ৭ শ্রমিকের।
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোররাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর তাসফিন পাম্পের বিপরীত পাশে চট্টগ্রামমুখী লেনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন, যাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ; তারা সবাই দিনাজপুরের নবাবগঞ্জ ও বিরাপুর উপজেলার বাসিন্দা।
দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে চালবোঝাই ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ট্রাকটির উপরে ১৩ জন আরোহী ছিলেন। হাসানপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায়।
এতে ট্রাকের উপরে থাকা আরোহীরা চালের বস্তার নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত উদ্ধার অভিযান শুরু করলেও ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দিনাজপুরের নবাবগঞ্জের আফজাল হোসেন, সোহরাব হোসেন, সালেক এবং বিরাপুরের সুমন, বিষ্ণু, আবু হোসেন ও আব্দুর রশিদের নাম পরিচয় শনাক্ত করা হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের যৌথ প্রচেষ্টায় দুর্ঘটনাকবলিত ট্রাক এবং মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ বর্তমানে থানায় রাখা হয়েছে এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা পৌঁছালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাহত সবাই শ্রমিক ছিলেন এবং ট্রাকের উপরে বসে গন্তব্যে যাচ্ছিলেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।






















