সুচিত্রা সেনের জন্মদিন: মহানায়িকার জীবন ও চলচ্চিত্রের ১০টি অজানা তথ্য
- আপডেট সময় ১২:৪০:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / 31
আজ বাংলা চলচ্চিত্রের চিরস্মরণীয় মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন। ১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনায় জন্মগ্রহণ করা রমা দাশগুপ্তই পরবর্তীতে সুচিত্রা সেন নামে দুই বাংলায় রাজত্ব করেছেন। তাঁর জন্মদিন উপলক্ষে জীবন ও ক্যারিয়ারের ১০টি আকর্ষণীয় তথ্য নিচে তুলে ধরা হলো:
পাবনা থেকে কলকাতা: তাঁর প্রকৃত নাম ছিল রমা দাশগুপ্ত। পাবনায় শৈশব কাটানো রমা পরবর্তীতে কলকাতায় পাড়ি জমান এবং রূপালি পর্দার ‘সুচিত্রা’ হয়ে ওঠেন।
প্রথম ছবির মুক্তি মেলেনি: ১৯৫২ সালে সুচিত্রা সেনের প্রথম অভিনীত বাংলা ছবি ছিল ‘শেষ কোথায়’। তবে দুর্ভাগ্যবশত ছবিটি কখনোই মুক্তি পায়নি।
আন্তর্জাতিক স্বীকৃতি: ১৯৬৩ সালে ‘সাত পাকে বাঁধা’ ছবির জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি। তিনিই ছিলেন আন্তর্জাতিক উৎসবে পুরস্কারজয়ী প্রথম বাঙালি অভিনেত্রী।
বলিউড অভিষেক ও পার্বতী: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস’ অবলম্বনে নির্মিত হিন্দি ছবিতে তিনিই প্রথম ‘পার্বতী’ বা পারু চরিত্রে অভিনয় করেন এবং সেরা অভিনেত্রীর মর্যাদা পান।
নিষিদ্ধ হয়েছিল ‘আন্ধি’: তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রের ছায়া থাকায় তাঁর অভিনীত ‘আন্ধি’ ছবিটি গুজরাটে ২০ সপ্তাহ নিষিদ্ধ ছিল।
উত্তম-সুচিত্রা জুটি: ১৯৫৩ সালের ‘সাড়ে চুয়াত্তর’ ছবির মাধ্যমে এই কালজয়ী জুটির যাত্রা শুরু হয়। তাঁরা একসঙ্গে প্রায় ৩০টি ছবিতে অভিনয় করেছেন।
সত্যজিৎ রায়ের প্রস্তাব প্রত্যাখ্যান: অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় তাঁকে ‘চৌধুরানী’ ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সময়ের অভাবে সুচিত্রা তা ফিরিয়ে দেন, ফলে সত্যজিৎ ছবিটি আর নির্মাণই করেননি।
দ্বৈত চরিত্রে অনবদ্য: ‘উত্তর ফাল্গুনী’ ছবিতে তিনি একইসঙ্গে যৌনকর্মী পান্নাবাই এবং তাঁর কন্যা আইনজীবী সুপর্ণার দুই বিপরীতধর্মী চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন।
দাদাসাহেব ফালকে প্রত্যাখ্যান: জনসমক্ষে আসতে চাননি বলে তিনি ভারতের সম্মানজনক ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার নিতে অস্বীকৃতি জানান। কারণ পুরস্কারটি নিতে তাঁকে দিল্লি যেতে হতো।
স্বেচ্ছায় অন্তরাল: ক্যারিয়ারের এক পর্যায়ে তিনি হঠাৎ নিজেকে চলচ্চিত্র থেকে সরিয়ে নেন। জীবনের শেষ সময়টুকু তিনি রামকৃষ্ণ মিশনে নির্জনে কাটিয়েছেন, যার ফলে তাঁকে হলিউড কিংবদন্তি গ্রেটা গার্বোর সঙ্গে তুলনা করা হয়।






















