ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জিতল বাংলাদেশ
- আপডেট সময় ০১:২৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
- / 136
একদিন আগেই ভিয়েতনামের কাছে বড় ব্যবধানে হারের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। তবে সেই হতাশা ঝেড়ে ফেলে দ্রুতই ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার ফাইনালে একই প্রতিপক্ষকে হারিয়েই জিতে নিয়েছে স্বর্ণপদক।
শুক্রবার সকালে ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ার তিরন্দাজি প্রতিযোগিতার কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে এই সাফল্য আসে।
ফাইনাল ম্যাচে বাংলাদেশের হয়ে হিমু বাছাড়, রাকিব নেওয়াজ ও ঐশ্বর্য অসাধারণ দক্ষতা প্রদর্শন করেন। তাদের সম্মিলিত পয়েন্ট ছিল ২৩১। অন্যদিকে ভিয়েতনাম দল সংগ্রহ করে ২২৫ পয়েন্ট। ৬ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ দল।
এবারের আসরে একক কিংবা মিশ্র কোনো বিভাগেই সেরা চারে উঠতে পারেনি বাংলাদেশ। তবে দলগত এই ইভেন্টেই তারা নিজেদের শক্তিমত্তা দেখিয়ে শেষ পর্যন্ত শিরোপা জিতে নেয়।
এর আগে একই প্রতিযোগিতায় গত বছর বাংলাদেশের তিরন্দাজ আবদুর রহমান আলিফ একক বিভাগে স্বর্ণপদক জিতে দেশকে গর্বিত করেছিলেন। এবারের দলগত সাফল্য সেই ধারাবাহিকতারই নতুন সংযোজন।

























