“ওসির বিরুদ্ধে অভিযোগ” অপসারণ চাইলেন ইশরাক
- আপডেট সময় ০৬:০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 12
পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে রাজধানীর সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণ দাবি করেছেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। আজ শনিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এই দাবি জানান।
এ সময় ইশরাক হোসেনের এজেন্ট সাইদুর রহমান মিন্টুর সই করা একটি লিখিত আবেদন ইসি সচিবের কাছে জমা দেওয়া হয়। ইসি সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইশরাক হোসেন ওসির বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ তুলে ধরেন।
আবেদনে যা বলা হয়েছে:
ইশরাক হোসেনের পক্ষ থেকে জমা দেওয়া আবেদনে উল্লেখ করা হয়, ঢাকা-৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মো. আব্দুল মান্নানের কর্মী-সমর্থকেরা ৭৩ নম্বর ভোটকেন্দ্র (কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজ) হিসেবে ব্যবহৃত ভবনে বিপুল পরিমাণ নকল ব্যালট পেপার এবং দেশীয় ও আগ্নেয়াস্ত্র মজুত করেছে বলে গত ৪ ফেব্রুয়ারি স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন। মজুতকৃত অস্ত্রের মধ্যে চাপাতি, রামদা, ক্রিকেট স্ট্যাম্প, হকি স্টিক এবং জিআই পাইপ ছিল বলেও দাবি করা হয়।
ইশরাক হোসেন অভিযোগ করেন, “বিষয়টি আমি তাৎক্ষণিকভাবে সূত্রাপুর থানার ওসিকে অবহিত করি। কিন্তু ওসি নিজে সরেজমিনে গিয়ে ওই অস্ত্র জব্দ না করে বরং সেগুলো সরিয়ে ফেলতে সহায়তা করেন।”
অভিযোগের প্রেক্ষাপট:
আবেদনে আরও জানানো হয়, পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্সকে জানানো হয়। এর আনুমানিক চার ঘণ্টা পর নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে ওই ভোটকেন্দ্রের বিভিন্ন কক্ষ থেকে ১৫২টি ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার করেন।
ইশরাক হোসেনের দাবি, এই ঘটনা থেকে প্রতীয়মান হয় যে সূত্রাপুর থানার ওসি জামায়াত সমর্থিত এবং তার আচরণ সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট। এই অবস্থায় নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো পরিবেশ নেই বলে তিনি মনে করেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ ও সুন্দর করার লক্ষ্যে বিতর্কিত ওই ওসিকে দ্রুত পরিবর্তনের জোর দাবি জানান তিনি।
























