ফোনে ব্লক করায় প্রেমিকের প্রাণ নিল প্রেমিকা
- আপডেট সময় ০৫:১৪:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 104
মোবাইল ফোনে কল ও মেসেজে ব্লক করে দেওয়াকে কেন্দ্র করে প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে গতকাল মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে বলে এনডিটিভির খবরে জানানো হয়েছে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তি কামতা প্রসাদ সূর্যবংশী (২৫)। তিনি একটি ভাড়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় একটি হোটেলে কর্মরত ছিলেন। ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের মাধ্যমে তাঁর পরিচয় হয় রোশনি সূর্যবংশী (২২)-এর সঙ্গে। পরিচয়ের পর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত দুই থেকে তিন দিন ধরে তাঁদের সম্পর্কে টানাপোড়েন চলছিল। এ সময় কামতা হঠাৎ করেই রোশনির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং তাঁর ফোন নম্বর ও মেসেজ ব্লক করে দেন। কামতা অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন—এমন সন্দেহ থেকে ক্ষুব্ধ হয়ে রোশনি একটি ছুরি নিয়ে তাঁর বাসায় যান।
পুলিশ জানায়, দরজা খোলার পর রোশনি কামতার মোবাইল ফোন দেখতে চান। কামতা ফোন দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রোশনি কামতার বুকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
চিৎকার শুনে কামতার রুমমেট বাইরে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলেও পথেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা সুম্মত সাহু। তিনি জানান, রোশনির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোশনি দাবি করেছেন, তিনি শুধু ভয় দেখানোর উদ্দেশ্যেই ছুরিটি সঙ্গে নিয়েছিলেন।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, নিহত কামতা প্রসাদ সূর্যবংশী বিজেপি নেতা ও জেলা পঞ্চায়েত সভাপতি রাজেশ সূর্যবংশীর ভাতিজা।
ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে এবং ঘটনার পেছনের উদ্দেশ্যসহ পুরো ঘটনার ধারাবাহিকতা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ তদন্ত অব্যাহত রয়েছে।
























