জনগণের ইচ্ছার প্রতিফলন না হলে ক্ষমতা টেকসই হয় না: আশফাক
- আপডেট সময় ০৬:০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / 74
জনগণই রাষ্ট্রক্ষমতার একমাত্র উৎস বলে মন্তব্য করেছেন ঢাকা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবুল আশফাক। তিনি বলেছেন, জনগণের মতের বাইরে কাউকে জোর করে ক্ষমতায় বসানো যায় না। জনগণ যাকে চাইবে, নির্বাচনের মাধ্যমেই তাকেই ক্ষমতায় আনবে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের দাউদপুর বাজারে গণসংযোগ শেষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
খন্দকার আবুল আশফাক বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে কোনো সরকারই দীর্ঘদিন টিকে থাকতে পারে না। ক্ষমতায় গিয়ে যদি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটে, তাহলে সেই ক্ষমতা টেকসই হয় না। আমরা জনগণের শাসক হতে চাই না, আমরা জনগণের সেবক হয়ে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, বিএনপি ভোট ও জনগণের অধিকারভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে।
জনগণের মতামতকে সম্মান জানিয়ে দেশ পরিচালনাই বিএনপির রাজনীতির মূল দর্শন।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির ভোটকে সামনে রেখে সব বিভেদ ভুলে দলকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। একই সঙ্গে জনগণের পাশে থেকে তাদের আস্থা ধরে রাখাও বিএনপির নেতাকর্মীদের দায়িত্ব।
খন্দকার আবুল আশফাক বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী অপশক্তির হাত থেকে দেশকে রক্ষা করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






















