ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ছাড় নয়: প্রতিমন্ত্রী
- আপডেট সময় ০৭:২০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / 23
ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম বা অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। প্রকৃত উপকারভোগীরা যাতে এ সুবিধা পান, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। প্রতিটি ইউনিয়নে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে এবং কেউ বাদ পড়বেন না বলেও আশ্বাস দেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় মাঠপর্যায়ে তথ্যসংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ ছিল নির্বাচনি প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। বিএনপি যা বলে, তা করে দেখায়। ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো মিথ্যা আশ্বাস ও প্রতিশ্রুতি দেওয়া হয় না বলেও মন্তব্য করেন তিনি। নারীদের সংসারের খরচ মেটাতে সহায়তা করার লক্ষ্যেই সরকার ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগী পরিবার চিহ্নিত করা হবে। এ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক নজর রাখা হবে। পাশাপাশি পূজামণ্ডপগুলোর সার্বিক সহযোগিতায় প্রশাসন কাজ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শহীদুল্লাহ, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. মাহমুদুল হক সানু এবং জেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া।




















