আজ ইউএনজিএ সভাপতি হিসেবে শপথ খলিলুর রহমানের
- আপডেট সময় ১১:৫২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / 27
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। এবারের অধিবেশনে সভাপতির দায়িত্ব নিতে বাংলাদেশ সময় রাত ৯টার দিকে শপথ নেবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার সকালে মিডিয়া ব্রিফিংয়ের পর বাংলাদেশ সময় রাত ৯টায় সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান। এরপর রাত ১টায় তিনি সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্ল্যানারি মিটিং পরিচালনা করবেন।
এদিকে আগামী ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে।
গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের ভোটে ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। গোপন ব্যালটে অনুষ্ঠিত ওই নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেন।
ইউএনজিএর সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের দায়িত্ব গ্রহণ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বের বৃহত্তম বহুপাক্ষিক ফোরাম জাতিসংঘ সাধারণ পরিষদের গুরুত্বপূর্ণ এ দায়িত্বে চার দশক পর আবারও একজন বাংলাদেশি দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
এর আগে ১৯৮৬ সালে ইউএনজিএর ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী। এবার তার প্রায় চার দশক পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নেবেন ড. খলিলুর রহমান।






















