১৪৪ ধারার মধ্যেই হবিগঞ্জে এনসিপি কেন্দ্রীয় নেতারা
- আপডেট সময় ০৩:৫০:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / 61
হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকলেও পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে সেখানে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। ছাত্রদলের হামলার অভিযোগে ঘোষিত বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছে দলটি।
বুধবার (২৯ জুলাই) এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে একই স্থানে এনসিপি, বিএনপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।
হবিগঞ্জগামী কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেন এমপি, উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক যথাক্রমে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ এমপি। এছাড়া যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি, সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় পর্যায়ের আরও কয়েকজন নেতা কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
নাহিদ উদ্দিন তারেক বলেন, কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যে সিলেটে পৌঁছেছেন এবং বিকেলে হবিগঞ্জে যাওয়ার কথা রয়েছে। তিনি অভিযোগ করেন, মঙ্গলবার শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ফেরার পথে প্রশাসনের উপস্থিতিতেই এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলীয় নেতা-কর্মীদের ওপর ছাত্রদল দফায় দফায় হামলা চালায়। ওই ঘটনার প্রতিবাদেই দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
স্থানীয় নেতাদের ভাষ্য, মঙ্গলবারের ঘটনার পর কেন্দ্রীয় নেতারা সিলেটে অবস্থান নেন। সেখান থেকেই বুধবার হবিগঞ্জে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, প্রশাসন যেহেতু ১৪৪ ধারা জারি করেছে, তাই সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার হবিগঞ্জ শহরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি চলাকালে ও শেষে ফেরার পথে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। একই ঘটনায় সারজিস আলম ও নাহিদ উদ্দিন তারেককে কিছু সময় অবরুদ্ধ করে রাখার অভিযোগও করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তারা এলাকা ত্যাগ করেন।
১৪৪ ধারা জারি এবং এনসিপির কর্মসূচিকে ঘিরে বুধবার হবিগঞ্জে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
























