হঠাৎ অবসরের ঘোষণা ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের
- আপডেট সময় ১০:১৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / 37
ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ও অধিনায়ক বেন স্টোকস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। চলমান নটিংহাম টেস্টই হবে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। চতুর্থ দিনে সতীর্থদের সামনে নিজের সিদ্ধান্ত জানিয়ে সবাইকে বিস্মিত করেন তিনি।
নাইটক্লাব-সংক্রান্ত বিতর্কের পর সতীর্থদের কাছে ক্ষমা চেয়ে অধিনায়ক হিসেবে নটিংহাম টেস্টে মাঠে নেমেছিলেন স্টোকস। ম্যাচের তৃতীয় দিন পর্যন্ত সবকিছু স্বাভাবিক থাকলেও চতুর্থ দিনের প্রথম সেশনের পর ড্রেসিংরুমে নিজের অবসরের সিদ্ধান্ত জানান তিনি।
সতীর্থদের উদ্দেশে স্টোকস বলেন, ‘মাঠে গিয়ে আগামী দুই দিনে নিজেদের সর্বস্ব উজাড় করে দাও।’ তার বক্তব্য শেষ হলে ইংল্যান্ড দলের খেলোয়াড় ও কোচিং স্টাফ দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে সম্মান জানান।
অবসরের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি স্টোকস। তিনি বলেন, ‘দলের জন্য, তোমাদের জন্য এবং যারা আমাদের আগে এই জার্সি পরেছেন, তাদের জন্য আমি সবসময় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। আর মাত্র একবার সেই লড়াইটা লড়ব।’
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড বলেন, ইংল্যান্ড ক্রিকেট একজন দুর্দান্ত ব্যাটসম্যান, কার্যকর বোলার, অনুপ্রেরণাদায়ী অধিনায়ক এবং দলের অন্যতম সেরা ব্যক্তিত্বকে হারাচ্ছে। তিনি স্টোকসের অবদান স্মরণ করে তার ও পরিবারের জন্য শুভকামনা জানান।
২০১১ সালে এক মাসের ব্যবধানে ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক হয় স্টোকসের। এরপর তিন সংস্করণেই নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি টেস্ট ক্রিকেট, বিশেষ করে অ্যাশেজ সিরিজে, ইংল্যান্ডের বেশ কয়েকটি স্মরণীয় সাফল্যের নায়ক ছিলেন এই অলরাউন্ডার।
আন্তর্জাতিক ক্যারিয়ারে স্টোকস ইংল্যান্ডের হয়ে ১২২টি টেস্ট, ১১৪টি ওয়ানডে ও ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে ১৪টি সেঞ্চুরি ও ৩৭টি ফিফটির সাহায্যে ৭ হাজার ২৪৩ রান করার পাশাপাশি নিয়েছেন ২৫২টি উইকেট। ওয়ানডেতে ৫টি সেঞ্চুরি ও ২৪টি ফিফটিতে ৩ হাজার ৪৬৩ রান এবং ৭৪টি উইকেট রয়েছে তার নামের পাশে। টি-টোয়েন্টিতে তিনি করেছেন ৫৮৫ রান এবং শিকার করেছেন ২৬টি উইকেট।

























