ধানমন্ডি ও হাতিরঝিল লেক আর জনবান্ধব করা হবে: প্রতিমন্ত্রী
- আপডেট সময় ১২:৫৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / 47
রাজধানীর ধানমন্ডি ও হাতিরঝিল লেককে আরও পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন এবং জনবান্ধব করে গড়ে তুলতে সমন্বিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে ধানমন্ডি লেকে দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে। একই সঙ্গে হাতিরঝিলেও সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে।
শনিবার (২৭ জুন) হাতিরঝিল এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, দীর্ঘদিন ধরে রাজধানীর লেকগুলো অব্যবস্থাপনার মধ্যে ছিল। এ পরিস্থিতির পরিবর্তনে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে একাধিক বৈঠক হয়েছে এবং এখন সমন্বিতভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি জানান, প্রায় এক মাস ধরে হাতিরঝিলে পরিচ্ছন্নতা ও উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে এবং এসব কাজ নিয়মিত তদারকি করা হচ্ছে। তাঁর আশা, আগামী এক বছরের মধ্যে ধানমন্ডি লেকের পরিবেশে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।
হাতিরঝিলকে আরও আকর্ষণীয় ও নিরাপদ করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সেখানে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। লেকের দুই পাশে মাটি ভরাট করে সৌন্দর্যায়নের কাজ চলছে। পাশাপাশি সন্ধ্যার পর হকারদের অবস্থান নিয়ন্ত্রণে আনসার সদস্য মোতায়েনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মীর শাহে আলম বলেন, এডিস মশার লার্ভার উপস্থিতি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। তাঁর ভাষ্য, রেস্টুরেন্ট, বাসাবাড়ি এবং বিভিন্ন আবাসিক এলাকায় ৫০ শতাংশের বেশি স্থানে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। তাই ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদেরও সচেতন ভূমিকা রাখতে হবে।
তিনি আরও জানান, পরিচ্ছন্নতা কার্যক্রমকে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতি শনিবার উপজেলা পর্যায়ের সব স্কুল ও কলেজে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের মানুষের জন্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। তিনি বলেন, বাংলাদেশের লক্ষ্য অন্য কোনো দেশের অনুকরণ নয়; বরং দেশের বাস্তবতা অনুযায়ী একটি উন্নত ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা।

























