ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতায় তেহরানে পাক সেনাপ্রধান
- আপডেট সময় ০৬:৫৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / 18
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনে কূটনৈতিক মধ্যস্থতার প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি তেহরানে যান। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এ তথ্য জানিয়েছে।
ইরানের বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, সফরকালে আসিম মুনির দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগ এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি গুরুত্ব পাবে।
চলমান মার্কিন-ইসরায়েল যুদ্ধের মধ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ বজায় রাখতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। সংকট নিরসনের লক্ষ্যে দেশটি দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ অব্যাহত রেখেছে।
এ পরিস্থিতিতে আসিম মুনিরের তেহরান সফরকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক তৎপরতা এগিয়ে নেওয়া এবং মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

























