জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে লন্ডনে বিক্ষোভ, অংশ নিলেন ধ্রুব রাঠি
- আপডেট সময় ০১:০০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / 13
ভারতে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যুক্তরাজ্যের লন্ডনে বিক্ষোভ হয়েছে। একই স্থানে তাঁর পদে বহাল থাকার দাবিতেও পাল্টা বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শনিবার (১৭ অক্টোবর) লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে মহাত্মা গান্ধীর প্রতিকৃতির সামনে এ কর্মসূচি পালিত হয়।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠি বিক্ষোভে অংশ নিয়ে বক্তব্য দেন। এর আগে শুক্রবার তিনি লন্ডনে পৌঁছে বিক্ষোভে অংশ নিতে ভারতীয়দের প্রতি আহ্বান জানান।
বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, লন্ডনের পার্লামেন্ট চত্বরে ককরোচ জনতা পার্টির সমর্থকেরা জড়ো হন। এ সময় তাঁদের হাতে দলীয় পতাকা ও পোস্টার দেখা যায়। তাঁরা বিভিন্ন স্লোগান দেন।
‘স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া, ইউনাইটেড কিংডম’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানায়, সংগঠনটির সদস্যরা ভারতীয় হাইকমিশনের বাইরে জড়ো হয়ে ‘লন্ডন ভারতের পাশে আছে!’ বার্তা দেন। এ সময় বিক্ষোভকারীরা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন।
এদিকে, লন্ডনে বসবাসরত ভারতীয় প্রবাসীদের একটি অংশ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থনে পাল্টা বিক্ষোভ করেন। ভারতীয় হাইকমিশনের বাইরে কংগ্রেস-সমর্থিত ‘ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া’ (এনএসইউআই) এবং সমমনা কয়েকটি গোষ্ঠীর আয়োজিত বিক্ষোভের বিপরীতে এ কর্মসূচি পালন করা হয়।
ভারতের ভোটার তালিকা সংশোধন নিয়ে অভিযোগকে কেন্দ্র করে আয়োজিত এসব কর্মসূচিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি এবং তাঁর পদে বহাল থাকার পক্ষে পাল্টাপাল্টি অবস্থান তুলে ধরা হয়।






















