চোটের কারনে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে মার্তিনেজ
- আপডেট সময় ০২:১৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / 22
চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগের কাছে ঘরের মাঠে ৪-৩ গোলে হারের পর আরও একটি বড় ধাক্কা খেল ইন্টার মিলান। চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ক্লাবটির অধিনায়ক ও আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজ। আগামী মাসের আন্তর্জাতিক বিরতির আগে তাঁর মাঠে ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছে ইতালিয়ান ক্লাবটি।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ইন্টার মিলান জানায়, মার্তিনেজের বাঁ ঊরুর ফ্লেক্সর পেশিতে চোট ধরা পড়েছে। প্রাথমিকভাবে চোটটি যতটা গুরুতর মনে হয়নি, পরীক্ষার পর পরিস্থিতি তার চেয়ে কিছুটা জটিল বলে জানা গেছে।
এই চোটের কারণে চ্যাম্পিয়নস লিগ ও সিরি আ মিলিয়ে অন্তত সাতটি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না ইন্টার অধিনায়ক। এ সময়ে বোলোনিয়া, শাখতার দোনেৎস্ক, ফিওরেন্তিনা, ভেনেজিয়া, এসি মিলান, ফেয়েনুর্দ ও কোমোর বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে ইন্টারের। এর মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানের বিপক্ষে হাইভোল্টেজ ‘মিলান ডার্বি’ও রয়েছে।
ক্লাবটি আরও জানায়, বৃহস্পতিবার রোজানোর হিউম্যানিটাস ইনস্টিটিউটে মার্তিনেজের শারীরিক পরীক্ষা ও ডায়াগনস্টিক টেস্ট করা হয়। পরীক্ষায় তাঁর বাঁ ঊরুর ফ্লেক্সর পেশিতে সমস্যা শনাক্ত হয়েছে। মাঠে ফিরতে কত দিন লাগবে, তা নির্ধারণে আগামী কয়েক দিন তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও পুনর্মূল্যায়ন করা হবে।
ক্লাব ব্রুগের কাছে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করে মার্তিনেজ লিখেছিলেন, ‘মাথা নিচু রেখে কঠোর পরিশ্রম করে যেতে হবে; উন্নতি করার এটাই একমাত্র পথ।’
সাধারণত এ ধরনের চোট থেকে সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে। সে হিসাবে আগামী ৩১ অক্টোবর এসি মিলানের বিপক্ষে ডার্বির আগে ফিট হয়ে ফেরার আশা রয়েছে এই আর্জেন্টাইন স্ট্রাইকারের। তবে তাঁর মাঠে ফেরার নির্দিষ্ট সময় সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি ইন্টার মিলান।
























