ঢাকায় আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী
- আপডেট সময় ১২:৫১:১১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / 16
বাংলাদেশ-কানাডা সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি ও কৌশলগত অংশীদারত্ব নিয়ে আলোচনার লক্ষ্যে চার দিনের সফরে ঢাকায় আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রনদীপ সরাই। ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এ সফরে তিনি বাংলাদেশের সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি ঢাকা ও কক্সবাজারে কানাডার সহায়তায় পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন।
রোববার (১১ অক্টোবর) কানাডার হাইকমিশনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সক্ষমতা জোরদার, দক্ষতা উন্নয়ন, নারী ও যুবসমাজের জন্য সুযোগ সম্প্রসারণ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিবেশ তৈরিতে কানাডার আন্তর্জাতিক সহায়তা ভূমিকা রাখছে।
রনদীপ সরাইয়ের এ সফরে বাংলাদেশ ও কানাডার মধ্যে ভবিষ্যৎ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার সম্ভাবনাও গুরুত্ব পাবে। দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফরের অংশ হিসেবে কক্সবাজারে রোহিঙ্গা জনগোষ্ঠী, স্থানীয় আশ্রয়দাতা সম্প্রদায় এবং সংকট মোকাবিলায় কাজ করা বিভিন্ন অংশীদারের সঙ্গে মতবিনিময় করবেন কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী। এ সময় সংশ্লিষ্ট জনগোষ্ঠী ও সংকট মোকাবিলায় নিয়োজিত অংশীদারদের সঙ্গে তাঁর আলোচনা হবে।























