জেলেনস্কিকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প
- আপডেট সময় ১০:৫২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / 17
রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ পরিস্থিতিতে জেলেনস্কিকে সরিয়ে এমন একজন নতুন নেতা নির্বাচনের পরামর্শ দিয়েছেন তিনি, যিনি রাশিয়ার সঙ্গে চুক্তিতে পৌঁছাতে পারবেন। শনিবার (১০ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন। খবর এনডিটিভির।
ট্রাম্প বলেন, ‘আমি পরামর্শ দিচ্ছি, তারা যেন এমন একজন নতুন নেতা বেছে নেয়, যিনি চুক্তি করতে পারবেন। কোনো এক কারণে জেলেনস্কি কখনোই তা করতে পারেন না।’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য ইউক্রেনের নেতৃত্বের সমালোচনা করে ট্রাম্প দাবি করেন, ২০২২ সালে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে এ যুদ্ধ শুরুই হতো না। তাঁর ভাষায়, যুদ্ধ শুরুর কোনো কারণ ছিল না; অদক্ষতার কারণেই যুদ্ধ শুরু হয়েছে।
জেলেনস্কির সমালোচনা করে ট্রাম্প আরও দাবি করেন, ইউক্রেন তার ৩০ শতাংশ ভূখণ্ড হারিয়েছে এবং দুই পক্ষ মিলিয়ে ২০ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। এমন যুদ্ধ কখনোই শুরু হওয়া উচিত ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্পের এ বক্তব্যের এক দিন আগে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ডিজেল সরবরাহ চুক্তির সমালোচনা করেছিলেন জেলেনস্কি। তাঁর মতে, এ ধরনের চুক্তি যুক্তরাষ্ট্রের অংশীদারদের জন্য সম্মানজনক নয় এবং এটি একটি ‘দুর্বল সিদ্ধান্ত’।
জেলেনস্কির অভিযোগ, রাশিয়ার ডিজেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্তের জবাবে ইউক্রেনে হামলা চালিয়েছে মস্কো।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ‘আজ রাশিয়া ডিজেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করার জন্য ধন্যবাদ জানিয়েছে জাপোরিঝঝিয়ায় আবাসিক ভবনে পাঁচটি গ্লাইড বোমা ফেলে।’
এর আগে শুক্রবার (৯ অক্টোবর) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পর মস্কোর কাছ থেকে বিপুল পরিমাণ ডিজেল সরবরাহের বিষয়ে চুক্তি হওয়ার কথা জানান ট্রাম্প। জ্বালানির দাম কমানোর লক্ষ্য সামনে রেখে রাশিয়ার ওপর যুদ্ধসংক্রান্ত কিছু নিষেধাজ্ঞা শিথিল করার উদ্যোগও নিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, রাশিয়া অবিলম্বে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন বাজারে তিন লাখ টনের বেশি ডিজেল সরবরাহ করবে।
অন্যদিকে, ক্রেমলিন জানিয়েছে, যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে তেল ও তেলজাত পণ্য সরবরাহের প্রস্তুতি পুনর্ব্যক্ত করেছে মস্কো।
ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, নভেম্বরে রাশিয়া পাঁচ লাখ টন ডিজেল সরবরাহ করবে। পরে সরবরাহের পরিমাণ বাড়িয়ে ১০ লাখ টন করা হবে। পরবর্তী সময়ে আরও বেশি জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।
রাশিয়ার সঙ্গে জ্বালানি সরবরাহ চুক্তি নিয়ে ওয়াশিংটন ও কিয়েভের অবস্থানে স্পষ্ট মতপার্থক্য দেখা দিয়েছে। জ্বালানি সরবরাহের সুবিধা নিতে মস্কোর ওপর নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্তের বিরোধিতা করেছেন জেলেনস্কি। অন্যদিকে, ট্রাম্প রাশিয়ার সঙ্গে চুক্তির পক্ষে অবস্থান নেওয়ার পাশাপাশি ইউক্রেনের নেতৃত্ব পরিবর্তনের পরামর্শ দিয়েছেন।



















