রিয়াদ বিমানবন্দরে হামলা অগ্রহণযোগ্য: ট্রাম্প
- আপডেট সময় ১২:১৭:২১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / 21
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলাটিকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র অংশ নেবে কি না, তা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১০ অক্টোবর) গভীর রাতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার পর সাংবাদিকেরা ট্রাম্পের কাছে জানতে চান, হুতিদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযানে যুক্তরাষ্ট্র যোগ দেবে কি না। জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এ অভিযানে অংশ নিতে পারে এবং বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
ট্রাম্প আরও জানান, বিমানবন্দরে হামলার খবর যুক্তরাষ্ট্রের কাছে নতুন। পরিস্থিতি পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র দ্রুত পদক্ষেপ নিতে অভ্যস্ত।
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ওই হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হয়েছেন। সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক ও দুজন বাংলাদেশি রয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক নিহত হয়েছেন।
এর আগে সৌদি আরবের আরও দুটি বিমানবন্দরে হামলার ঘটনায়ও অসন্তোষ প্রকাশ করেছিলেন ট্রাম্প। সে সময় তিনি বলেছিলেন, এ ধরনের হামলা গ্রহণযোগ্য নয় এবং এসব ঘটনায় তিনি সন্তুষ্ট নন।
সর্বশেষ হামলার পর হুতি গোষ্ঠীর বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।




















