পতনের দ্বারপ্রান্তে মোদি সরকার: কংগ্রেস নেতা বেণুগোপালের
- আপডেট সময় ০৭:০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / 54
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছেছেন বলে মন্তব্য করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। বিরোধী জোট ‘ইন্ডিয়া’র আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ভোটাধিকার রক্ষা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনার মধ্যে মোদি সরকারের বিরুদ্ধে এ অভিযোগ তুললেন কংগ্রেসের এই নেতা।
ভারতীয় সংবাদমাধ্যম রেডিফের প্রতিবেদনে বলা হয়েছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে।
বেণুগোপাল অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধান নির্বাচন কমিশনারকে আড়াল করার চেষ্টা করছেন। তাঁর দাবি, এসব পদক্ষেপ সরকারের পতনের কারণ হয়ে দাঁড়াতে পারে।
বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ আন্দোলনকে সরকার ভয় পাচ্ছে বলেও মন্তব্য করেন বেণুগোপাল। তাঁর অভিযোগ, এ কারণেই দিল্লি ও মুম্বাইসহ বিভিন্ন স্থানে মেট্রো স্টেশন বন্ধ রাখা, কঠোর পুলিশি নিরাপত্তা এবং আটকের মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা ও জনগণের ভোটাধিকার রক্ষার দাবিতে আগামী সোমবার দিল্লিতে বড় ধরনের বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ‘ইন্ডিয়া’ জোট। এর আগে জোটের নেতারা ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের উদ্বেগের কথা জানিয়েছেন।
একই দাবিতে আগামী সোমবার দেশের প্রধান বিচারপতির (সিজেআই) সঙ্গেও জোটের শীর্ষ নেতাদের সাক্ষাৎ করার কর্মসূচি রয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা ও নির্বাচনব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বেণুগোপাল।
সূত্র: রেডিফ




















