গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৬
- আপডেট সময় ০৬:১৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / 31
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আট বছর বয়সী এক শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ভোর থেকে এসব হামলার ঘটনা ঘটে। গাজার বিভিন্ন হাসপাতালের সূত্রের বরাতে হতাহতের এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটির স্থানীয় প্রতিনিধিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে একজন আগে আহত হয়েছিলেন। সেই আঘাতের জেরেই তাঁর মৃত্যু হয়েছে। তবে গাজার বিভিন্ন এলাকায় হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে, মার্কিন মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতির এক বছর পূর্ণ হলেও গাজায় সহিংসতা বন্ধ হয়নি বলে অভিযোগ করেছে শতাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও ওলন্দাজ রিফিউজি কাউন্সিলসহ ১০০টিরও বেশি সংস্থা এক যৌথ বিবৃতিতে বলেছে, যুদ্ধবিরতি কার্যত ‘কাগজে-কলমে’ সীমাবদ্ধ রয়েছে। গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান ও বিমান হামলা অব্যাহত রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া সংঘাতে এ পর্যন্ত ৭৪ হাজার ২৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ৭৫ হাজারেরও বেশি মানুষ। নিহতদের বড় একটি অংশ নারী ও শিশু।
সূত্র: আলজাজিরা




















