বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা তৈরির অভিযোগ বিজেপির
- আপডেট সময় ১১:২৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / 40
ভারতের দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকে কেন্দ্র করে বিরোধীদের বিরুদ্ধে দেশ অস্থিতিশীল করার অভিযোগ তুলেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নবীন। তাঁর দাবি, রাজনৈতিক স্বার্থ হাসিল করতে ‘বিদেশি শক্তির’ ইন্ধনে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন বিরোধীরা।
শনিবার (১০ অক্টোবর) দেওয়া এক বক্তব্যে নিতিন নবীন বলেন, ভারতের প্রায় ১৪০ কোটি মানুষ শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করছেন এবং দেশের উন্নয়নে সম্মিলিতভাবে অবদান রাখছেন। এমন পরিস্থিতিতে একটি ‘অত্যন্ত বিপজ্জনক ও গুরুতর পরিস্থিতি’ তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
বিজেপির এই নেতা বলেন, দেশে কারা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর ভাষ্য, শান্তিপূর্ণ সহাবস্থান ও উন্নয়নের ধারার মধ্যে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে।
নিতিন নবীন বিরোধীদের দুটি গোষ্ঠীতে ভাগ করে তাদের সমালোচনা করেন। তাঁর দাবি, একটি গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও ‘ইন্ডি অ্যালায়েন্স’। অন্য গোষ্ঠীর সঙ্গে তিনি দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সহযোগী এবং ককরোচ জনতা পার্টিকে (সিজেপি) যুক্ত করেন।
তিনি বলেন, ভারতের মানুষ বিরোধীদের উদ্দেশ্য বুঝতে পারছেন। বিরোধীদের কর্মকাণ্ডকে ‘অরাজকতার প্রতিযোগিতা’ আখ্যা দিয়ে বিজেপি সভাপতি অভিযোগ করেন, দেশে কারা বেশি অস্থিরতা তৈরি করতে পারে, তা নিয়ে যেন প্রতিযোগিতা চলছে।
নিতিন নবীন বলেন, বিরোধীদের এমন কর্মকাণ্ড সফল হবে না। জনগণ যাদের প্রত্যাখ্যান করেছে, তাদের সেই রায় মেনে নেওয়া এবং তা থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। তবে এর পরিবর্তে বিরোধীরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেন বিজেপি সভাপতি।
বক্তব্যের একপর্যায়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে বিদেশি শক্তির ইন্ধনে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অভিযোগও তোলেন তিনি।
এদিকে, ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে বিতর্কের মধ্যে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের একটি অংশ জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে।























