সাধারণ নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে ইরান
- আপডেট সময় ০৭:১৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / 31
জাতীয় প্রতিরক্ষার প্রস্তুতির অংশ হিসেবে বেসামরিক স্বেচ্ছাসেবকদের মৌলিক সামরিক প্রশিক্ষণ দেওয়ার নতুন কর্মসূচি শুরু করতে যাচ্ছে ইরান। ‘জানফাদা’ নামের এই কর্মসূচিতে স্বেচ্ছাসেবকদের সামরিক প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে জানিয়েছে ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি (WANA)।
ইরানের সেনাবাহিনীর প্রশিক্ষণ ও শিক্ষা বিভাগের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আলিয়ান-নেজাদ জানিয়েছেন, তেহরানের তিনটি নির্ধারিত প্রশিক্ষণকেন্দ্রে এই কর্মসূচির কার্যক্রম শুরু হবে।
কর্মসূচির আওতায় ইরানের সেনাবাহিনীর চারটি শাখার সদস্যরা নির্ধারিত ফিল্ড-গ্যারিসন এলাকায় বেসামরিক স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেবেন। প্রথম ধাপে অংশগ্রহণকারীদের মৌলিক সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তী সময়ে তাদের আরও উন্নত পর্যায়ের প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।
ইরানি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, জাতীয় প্রতিরক্ষার প্রয়োজন দেখা দিলে বেসামরিক অংশগ্রহণকারীরা যাতে তাদের অর্জিত মৌলিক সামরিক দক্ষতা কাজে লাগাতে পারেন, সে প্রস্তুতি তৈরি করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
তবে কর্মসূচিটির প্রশিক্ষণের মেয়াদ, এতে কতজন স্বেচ্ছাসেবক অংশ নেবেন এবং ভবিষ্যতে তেহরানের বাইরে দেশের অন্যান্য এলাকায় এটি সম্প্রসারণ করা হবে কি না—এসব বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।




















