রাজবাড়ীতে বালতির পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- আপডেট সময় ১২:৪৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / 27
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বালতির পানিতে ডুবে তাসকিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের রবিউল্লা বেপারী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। তাসকিয়া ওই এলাকার সৌদি আরবপ্রবাসী ইলিয়াস শেখের মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকেলে তাসকিয়ার বড় বোন মাসিফা বাড়ির পাশের একটি বিল থেকে শাপলা ফুল তুলে আনে। পরে ফুলগুলো বাড়ির টিউবওয়েলের পাশে রাখা একটি বড় বালতিতে পানিতে ভিজিয়ে রাখা হয়।
শুক্রবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে ওই বালতিতে থাকা শাপলা ফুল তুলতে যায় তাসকিয়া। এ সময় সে বালতির পানিতে পড়ে যায়।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতদিয়া ইউনিয়নের ইউপি সদস্য মো. জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাসকিয়ার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানান তিনি।
























