১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে ঢাকার বক্তব্যে নয়াদিল্লির প্রতিক্রিয়া
- আপডেট সময় ১১:১৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / 55
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক বাংলাদেশ পর্যালোচনা করছে—এমন খবরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য ভারতকে জানানো হয়নি বলে জানিয়েছে নয়াদিল্লি। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিজেদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন।
রণধীর জয়সওয়াল বলেন, চুক্তিগুলো পর্যালোচনার বিষয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। তবে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন তারা দেখেছেন। ভারতের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়েও কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি জানান, দুই দেশের যৌথ নদী কমিশনের আওতায় পানি সংক্রান্ত বিষয়ে কারিগরি পর্যায়ের বৈঠক ও আলোচনা অব্যাহত রয়েছে।
রণধীর জয়সওয়াল বলেন, পানি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশনের ব্যবস্থা রয়েছে। এই কাঠামোর অধীনেই কারিগরি পর্যায়ের বৈঠক ও আলোচনা চলমান রয়েছে।
এর আগে গত সপ্তাহে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছিলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করা হচ্ছে। তিনি বলেছিলেন, এসব পর্যালোচনার ফলাফল শিগগিরই প্রকাশ পাবে।
ওই বক্তব্যের বিষয়ে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে জানতে চান দেশটির এক সাংবাদিক। এর পরিপ্রেক্ষিতেই নয়াদিল্লির অবস্থান তুলে ধরেন রণধীর জয়সওয়াল।






















