ঠাকুরগাঁওয়ের উপ-নির্বাচনে থাকবে সশস্ত্র বাহিনী
- আপডেট সময় ০৭:৪২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / 22
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংশ্লিষ্ট সব বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের মতোই এই উপ-নির্বাচনে ট্রুপস ডেপ্লয়মেন্ট করা হবে। একই সঙ্গে জাতীয় নির্বাচনে ব্যবহৃত প্রযুক্তিগুলোও এখানে ব্যবহার করা হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজন অনুযায়ী প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো হতে পারে।
তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।
এবারও বিদেশে থাকা ভোটারদের জন্য আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের ব্যবস্থা থাকছে। গত নির্বাচনে ৩৩টি দেশ থেকে ঠাকুরগাঁও-১ আসনের ৩৮৬ জন ভোটার নিবন্ধন করেছিলেন। এছাড়া দেশের ভেতরে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছিলেন ৪ হাজার ৪৫ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ভোটার ছিলেন ৫ লাখ ৭ হাজার ২০৩ জন। এবার ভোটার বেড়ে হয়েছে ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জন। ভোটার বেড়েছে ৮ হাজার ৩২২ জন।
২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ হবে। এ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৮৫টি এবং ভোটকক্ষ ৯৮৯টি।






















