সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের
- আপডেট সময় ০৫:৩১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / 28
ইয়েমেনের মারিব প্রদেশের আকাশসীমায় সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ দাবি করেন। তিনি জানান, দেশীয়ভাবে তৈরি একটি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সৌদি যুদ্ধবিমানটি লক্ষ্যবস্তু করা হয়।
হুথিদের দাবি, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানের অংশ হিসেবে বিমানটি মারিবের আকাশে অভিযান চালাচ্ছিল।
ইয়াহিয়া সারি আরও অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি আরব প্রায় ৪৫০টি বিমান হামলা চালিয়েছে।
তবে সৌদি কর্তৃপক্ষ এখন পর্যন্ত তাদের কোনো এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি।
এদিকে মক্কার আকাশসীমায় হুথিদের ড্রোন হামলার সৌদি দাবিও অস্বীকার করেছেন ইয়াহিয়া সারি। তিনি বলেন, হুথিদের অভিযানগুলোর লক্ষ্য তেল স্থাপনা ও সামরিক ঘাঁটি।
এর আগে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা বাহিনী জানিয়েছিল, ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন মক্কার সংরক্ষিত আকাশসীমায় প্রবেশের আগেই তারা সেটি প্রতিহত ও ধ্বংস করেছে।
মারিব ইয়েমেনের গুরুত্বপূর্ণ একটি অঞ্চল এবং দীর্ঘদিন ধরে দেশটির সংঘাতের অন্যতম প্রধান যুদ্ধক্ষেত্র। হুথিদের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি সত্য হলে, এটি চলমান সংঘাতে সামরিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।
সূত্র: রয়টার্স, আলজাজিরা























