আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য
- আপডেট সময় ০৬:৪০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / 23
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ তুলে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন কংগ্রেস সদস্য ডেলিয়া রামিরেজ। একই সঙ্গে বিদেশে যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহারেরও সমালোচনা করেছেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ডেলিয়া রামিরেজ বলেন, ফিলিস্তিন থেকে ইরান পর্যন্ত যুক্তরাষ্ট্রের বোমা হামলায় নিরীহ নারী ও শিশুরা নিহত হচ্ছে।
পোস্টে তিনি লেখেন, একটি দম্পতির নতুন জীবনের শুরুর সময়টি উদযাপনে ভরা থাকার কথা ছিল। কিন্তু সেটিই ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। ফিলিস্তিন থেকে ইরান—‘আমাদের বোমায় নিরীহ নারী ও শিশুরা নিহত হচ্ছে’ বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্প ও হেগসেথের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন রামিরেজ। তিনি বলেন, কংগ্রেস ট্রাম্প ও হেগসেথের ‘যুদ্ধাপরাধের’ দিকে চোখ বন্ধ করে থাকতে পারে না। যুদ্ধের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার সময় এখনই।
রামিরেজ আরও বলেন, কংগ্রেসকে অবশ্যই ‘ব্লক দ্য বম্বস অ্যাক্ট’ পাস করতে হবে এবং নিজেদের সাংবিধানিক ক্ষমতা পুনরুদ্ধার করতে হবে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের ‘অন্তহীন যুদ্ধের’ অবসানের আহ্বান জানান।
























