নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২
- আপডেট সময় ১১:১২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / 25
নেপালের মধ্যাঞ্চলের ত্রিশূলী নদী অববাহিকায় ভয়াবহ আকস্মিক বন্যার নয় দিন পর একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে সঞ্জয় শাহসহ দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার তাদের উদ্ধার করা হয়।
গত ২৬ আগস্টের প্রলয়ঙ্করী বন্যার পর থেকে তারা ত্রিশূলী-৩ এ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গে আটকে ছিলেন। দীর্ঘ সময় পর তাদের জীবিত উদ্ধারের ঘটনায় সুড়ঙ্গের ভেতরে আটকে থাকা অন্য নিখোঁজ ব্যক্তিদেরও জীবিত উদ্ধারের আশা তৈরি হয়েছে।
উদ্ধার অভিযানে সরাসরি যুক্ত থাকা রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সংসদ সদস্য ও প্রকৌশলী শ্রী রাম নেওপানে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুড়ঙ্গের ভেতরে আরও মানুষ আটকে থাকার তথ্য পাওয়া গেছে। তাদের সন্ধানে সুড়ঙ্গের গভীরে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।
উদ্ধারকর্মীরা জানান, শুক্রবার সকালে সুড়ঙ্গের গভীর থেকে মানুষের কণ্ঠস্বর শোনা যায়। এরপর উদ্ধারকারীরা ভেতরে থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে সাড়া পাওয়া যায়।
কণ্ঠস্বর শোনার পর নেপাল সেনাবাহিনী ও আর্মড পুলিশ ফোর্সের যৌথ উদ্ধারকারী দল দ্রুত অভিযান জোরদার করে। সংসদ সদস্য নেওপানে জানান, উদ্ধারকারীরা সুড়ঙ্গের ভেতরে চিৎকার করে বলেন, ‘আতঙ্কিত হবেন না, আমরা আপনাদের উদ্ধার করতে এসেছি।’ ভেতর থেকে প্রতিউত্তর আসে, ‘ঠিক আছে।’
এতে সুড়ঙ্গের ভেতরে একাধিক ব্যক্তি আটকে থাকার বিষয়টি নিশ্চিত হয় বলে জানান তিনি।
২৬ আগস্ট ত্রিশূলী নদী উপত্যকায় আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বন্যায় ওই অঞ্চলের একাধিক জলবিদ্যুৎ প্রকল্প ও প্রধান সড়ক যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট






















