মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
- আপডেট সময় ১১:৩৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / 20
ফরিদপুরের মধুখালী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের পেছন দিকে দাঁড়িয়ে থাকা ট্রাকে আঘাতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাসের অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী শাহ হাবিব দাখিল মাদরাসার সামনে এই দুর্ঘটনাটি ঘটে। চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের যাত্রীবাহী বাসটি ওই স্থানে পৌঁছালে মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা মাগুরাগামী ময়দাবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা লাগে।
নিহত ব্যক্তির নাম মো. জুয়েল (২৮), যিনি ওই বাসের সুপারভাইজার হিসেবে কাজ করতেন। তাঁর বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাকটির একটি টায়ার বিস্ফোরিত হওয়ায় চালক টায়ার পরিবর্তনের জন্য মহাসড়কের ওপরই ট্রাকটি দাঁড় করিয়ে রাখেন। এ সময় পিছন থেকে আসা পূর্বাশা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
সংঘর্ষের সময় বাসের সুপারভাইজার জুয়েল বাম পাশে ইঞ্জিন কভারের ওপর বসে ছিলেন এবং ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুস সালাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করে হেফাজতে নিয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।























